Bongaon KUBV : নারী শিক্ষার পথিকৃৎ কুমুদিনী দেবীর মূর্তি উন্মোচিত বনগাঁয়

Statue-of-Kumudini-Devi-pioneer-of-womens-education-unveiled-in-Bangaon

সায়ন ঘোষ, বনগাঁ : বনগাঁর নারী শিক্ষার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বনগাঁ কুমুদিনী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উন্মোচিত হলো বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহীয়সী কুমুদিনী দেবীর আবক্ষ মূর্তি। সোমবার শতবর্ষ প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Statue-of-Kumudini-Devi-pioneer-of-womens-education-unveiled-in-Bangaon

এদিন আবক্ষ মূর্তির উন্মোচন করেন উদ্বোধক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো-মেন্টর ও প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান শ্রী দিলীপ মজুমদার। এছাড়াও এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন বনগাঁর উপপৌরমাতা শ্রীমতী জ্যোৎস্না আঢ্য সহ একাধিক বিশিষ্ট গুণীজন।

Statue-of-Kumudini-Devi-pioneer-of-womens-education-unveiled-in-Bangaon

উল্লেখ্য, সমাজের পিছিয়ে পড়া অংশের বিশেষ করে কন্যাশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নেওয়ার লক্ষ্যে কুমুদিনী দেবী এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সে সময় নারীশিক্ষা যখন সমাজে তেমন গ্রহণযোগ্যতা পায়নি, তখন প্রতিকূলতা সত্ত্বেও তিনি শিক্ষা বিস্তারের কাজে নিজেকে উৎসর্গ করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বনগাঁ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে এবং বহু ছাত্রছাত্রী শিক্ষালাভের সুযোগ পায়। এদিন কুমুদিনী দেবীর আবক্ষ মূর্তির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ অভিভাবকেরাও।

Statue-of-Kumudini-Devi-pioneer-of-womens-education-unveiled-in-Bangaon

এদিন উদ্বোধক বিশ্বজিৎ দাস বলেন, "কুমুদিনী দেবী বনগাঁর মাটিতে নারী শিক্ষার যে বীজ বপন করেছিলেন, আজ তা মহীরুহে পরিণত হয়েছে। এই মূর্তি বর্তমান প্রজন্মের ছাত্রীদের কাছে সাহস ও চেতনার প্রতীক হয়ে থাকবে।"

অন্যদিকে,বনগাঁর পৌরপ্রধান দিলীপ মজুমদার জানান, শহর ও শহরতলীর মেয়েদের শিক্ষিত করার ক্ষেত্রে এই স্কুলের অবদান অনস্বীকার্য।

Statue-of-Kumudini-Devi-pioneer-of-womens-education-unveiled-in-Bangaon

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী উকিল সরকার তাঁর বক্তব্যে কুমুদিনী দেবীর জীবনাদর্শ ও সমাজের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি জানান, নারীশিক্ষা ও মানবসেবার যে আদর্শ কুমুদিনী দেবী রেখে গিয়েছেন, সেই পথ অনুসরণ করেই বিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষা বিস্তার ও সমাজসেবার কাজে নিরলসভাবে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Statue-of-Kumudini-Devi-pioneer-of-womens-education-unveiled-in-Bangaon

প্রসঙ্গত, প্রতিষ্ঠালগ্ন থেকে বনগাঁ কুমুদিনী বিদ্যালয় শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেনি, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ পথচলায় এই বিদ্যালয় বহু কৃতী ছাত্রছাত্রী তৈরি করেছে, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে সমাজের মুখ উজ্জ্বল করেছেন। পরবর্তীকালে বনগাঁর প্রথম সারির বালিকা বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। এদিনের শেষ পর্বে বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বনগাঁর নীলদর্পন প্রেক্ষাগৃহে।

Post a Comment

Previous Post Next Post