সায়ন ঘোষ, বনগাঁ : উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্রে ভোট গণনাকে ঘিরে উত্তেজনার ছবি সামনে এল। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে গণনা পর্ব শেষ হওয়ার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সূত্রের খবর, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাস পরাজিত হন এবং বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর জয়ী হন। ফলাফল ঘোষণার পর গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় নরোত্তম বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির একাংশ সমর্থক।
অভিযোগ, বিক্ষোভকারীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন এবং তাকে লক্ষ্য করে কটূক্তি করা হয়। এমনকি তার গায়ে গেরুয়া আবির মাখিয়ে দেওয়ার ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা হস্তক্ষেপ করে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নরোত্তম বিশ্বাস বলেন, “গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক, কিন্তু এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে এবং বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।
