শ্রমণ দে : আবারও সেই কুখ্যাত Joker ম্যালওয়্যারের আক্রমণ। Google Play Store-এ এমনই 8 অ্যাপসের সন্ধান মিলেছে, যেগুলি গত তিন বছর ধরে Joker ম্যালওয়্যারে আক্রান্ত। Quick Heal Security Labs-এর তরফে সম্প্রতি সেই জোকার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত অ্যাপগুলিকে চিহ্নিত করা হয়েছে। যে কোনও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকের স্মার্টফোনে ঢুকতে পারে এই ধরনের ম্যালওয়্যার। গোপনে সেই গ্রাহকের যাবতীয় তথ্য সংগ্রহ করে বড়সড় ক্ষতিও করতে পারে Joker Malware. গ্রাহকের অনুমতি না নিয়েই, যে কোনও প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানে সাবস্ক্রাইব করায় ক্ষতিকারক এই ম্যালওয়্যার। তার জন্য ইউজারের অজান্তেই মোটা টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায়। সাবস্ক্রিপশন প্ল্যানে সাবস্ক্রাইব করা থেকে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব ইস্তক - পুরো বিষয়টাই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সেরে ফেলে এই Joker Malware। কুইক হিল সিকিওরিটি ল্যাবসের তরফে এই অ্যাপগুলি চিহ্নিত করার পরক্ষণেই Google Play Store থেকে সেগুলিকে তুলে নেওয়া হয়। কিন্তু, আপনার স্মার্টফোনে যদি এখনও সেই অ্যাপগুলি থাকে, তাহলেও সেই সব অ্যাপসের মারফতই ক্ষতি করতে পারে জোকার ম্যালওয়্যার।
আর সেই কারণেই আপনার স্মার্টফোন থেকে অ্যাপগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব আনইনস্টল করা জরুরি। Joker Malware আক্রান্ত সেই 8 অ্যাপসের তালিকায় রয়েছে - Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages, Travel Wallpapers এবং Super SMS। এই 8 অ্যাপসের মধ্যে আপনার স্মার্টফোনে যদি কোনও একটি ইনস্টল করা থাকে, তাহলে যত দ্রুত সম্ভব সেগুলিকে আনইনস্টল করে দিন।
