আসলে কোহলির নেতৃত্বে ভারত টানা তিনটি আইসিসি ইভেন্টের হয় সেমিফাইনালে, নতুবা ফাইনালে পরাজিত হয়। যদিও তার আগে ধোনির ক্যাপ্টেন্সিতেও পরপর তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল, না-হয় সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।
ক্যাপ্টেন হিসেবে ধোনি তাঁর সময়কার তিনটি আইসিসি টুর্নামেন্টেই (টি-২০ বিশ্বকাপ, ওয়ান ডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) চ্যাম্পিয়ন হয়েছেন। সেদিক থেকে কোহলি এখনও বড় টুর্নামেন্টে সাফল্য এনে দিতে পারেননি দেশকে। টেস্টে নেতৃত্ব দেওয়া ও ম্যাচ জয়ের নিরিখে কোহলি ধোনিকে পিছনে ফেলে দিতে পারেন, তবে ট্রফি জয়ের ক্ষেত্রে বিরাট এখনও ডাহা ফেল। সেই নিরিখেই টিম ইন্ডিয়ার দুই অধিনায়কের মধ্যে কে সেরা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে দ্বন্দ্ব। বলাবাহুল্য, ধোনির সমর্থকদেরই এক্ষেত্রে পাল্লা ভারি।ধোনি অনুরাগীদের দাবি, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের এমন পরিস্থিতিতে যদি মাহি ক্যাপ্টেন হতেন, তবে ভারত ম্যাচ জিততে পারত। অন্যদিকে, কোহলির অনুরাগীরা পরিসংখ্যান তুলে ধরে দেখাতে চাইলেন যে, ক্যাপ্টেন হিসেবে ধোনি কতগুলি আইসিসি ইভেন্টে ব্যর্থ হয়েছেন।

