অম্লিতা দাস : নানান ঘাত- প্রতিঘাত পেরিয়ে অবশেষে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। তবে চিন্তায় পড়েছেন পুরোনো শিক্ষকরা। অনলাইন কাউন্সিলিং শেষেই নিয়োগপত্র হাতে পাবে নতুন শিক্ষকরা। আর তাতেই বদলীর আশায় থাকা পুরোনো শিক্ষকরা মনে করছেন, ১০,৫০০জন নতুন শিক্ষক নিয়োগের পর তাঁদের বদলি আর হবেনা। তাই নতুন শিক্ষক নিয়োগের আগেই তাঁদের বদলির প্রক্রিয়া শেষের আবেদন জানিয়েছেন তাঁরা।
বদলির দাবিতে শিক্ষকমহল। গত বছরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, শিক্ষকদের যাতে বাড়ির কাছে পড়াতে সুবিধা হয়, সেই অনুযায়ী বদলি করা হবে। ১০,০০০ শিক্ষক বদলির ঘোষণা করলে এখনও প্রায় ৪,০০০ শিক্ষকদের বদলি বাকি। শিক্ষকরা জানান, তারা অনেকবার তাদের নিজের জেলায় বদলির দাবি জানিয়েছেন কিন্তু এখনও তা হয়নি। গত বছর সরস্বতী পুজোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদলির ঘোষণা করেছিলেন। গত বিধানসভা ভোটের পর বেশ কিছু বদলির আবেদনপত্র জমা পড়লেও ভোটের রেজাল্টের দু মাস পরেও বদলি এখনো হয়নি।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হণ্ডা জানান, তাঁরা শিক্ষা দফতর ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, বদলি করা হবে, বদলির প্রক্রিয়া এখনও বন্ধ হয়নি।
