সায়ন ঘোষ, বনগাঁ : চলতি বছরের বইমেলার আবহে সাহিত্যপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে বনগাঁর প্রথম মহিলা উপন্যাসিক দীপশিখা ঘোষ ভৌমিক-এর নতুন উপন্যাস স্পর্শ জীবন। সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষের জীবনসংগ্রাম, মানসিক টানাপোড়েন এবং আত্মমুক্তির পথকে কেন্দ্র করে রচিত এই বই ইতিমধ্যেই পাঠকমহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
উপন্যাসিক দীপশিখা ঘোষ ভৌমিক এর কথায়, সমাজে যাদের প্রথম দর্শনে স্বাভাবিক বলে মনে করা হয় না, তারাও জীবনের কোনো না কোনো পর্যায়ে আলোর দিশা দেখানোর শক্তি নিয়ে জন্মায়। কিন্তু বাস্তব জীবনের নানা প্রতিকূলতা তাদের পথচলায় বাধা হয়ে দাঁড়ায়। কেউ সেই বাধা অতিক্রম করতে পারলেও অনেকেই পারেন না; ফলে তারা আসক্তি বা মানসিক সমস্যার মুখোমুখি হয়। উপন্যাসে এই সংগ্রাম, পুনরুদ্ধার এবং আশ্রয়ের সন্ধানের গল্প প্রতীকীভাবে উঠে এসেছে ‘স্পর্শ’ নামের এক আশ্রয়স্থলকে ঘিরে, যা ধীরে ধীরে একটি পরিবারের রূপ নেয়।
বইটি প্রকাশ করেছে ধানসিড়ি প্রকাশনা সংস্থা। প্রকাশকের দাবি, উপন্যাসটি মানবিক সম্পর্ক, সহমর্মিতা ও পুনর্জাগরণের বার্তা বহন করে এবং পাঠকের আবেগকে স্পর্শ করবে।
সাহিত্যপ্রেমীদের মতে, বনগাঁ-এর এই লেখিকার কাজ সমকালীন বাংলা কথাসাহিত্যে নতুন সংযোজন। বইমেলায় বইটি ঘিরে পাঠকদের আগ্রহও চোখে পড়ার মতো। প্রকাশক ও লেখিকার আশা, কলকাতা বইমেলা থেকে শুরু হওয়া এই যাত্রা পাঠকের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

