রিয়া গিরি: নবান্নে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ও মুখ্যসচিব হরি কৃষ্ণ দিবেদির বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বেসরকারি বাসের একটা বড় অংশ রাস্তায় না নামায়, ভোগান্তি বাড়ছে নিত্য যাত্রীদের মধ্যে। বিরোধিতায় পথে নেমেছে বাস চালকরা, তবুও ভাড়া বাড়াতে নারাজ রাজ্য পরিবহণ মন্ত্রক।
করোণা আবহে আর্থিক দিক থেকে এমনিতেই চাপের মুখে জনতা, এই অবস্থায় বাস ভাড়া বৃদ্ধি করে ভোগান্তি বাড়াতে চায়না রাজ্য। বেসরকারি বাস মালিক সংগঠন নিজেদের মধ্যে আলোচনায় বসে ভাড়া বৃদ্ধির এবং একাধিক আর্থিক সহায়তার দাবি জানায়। সূত্রের দাবি, আসন্ন পুরসভা ভোট এবং বিধানসভা উপ নির্বাচনের আগে ভাড়া বৃদ্ধির পথে হাঁটতে চাইছেনা রাজ্য। ফলে আগামী কয়েক মাস পুরনো ভাড়াতেই রাস্তায় বাস নামাতে নির্দেশ দেন নবান্ন।
পেট্রোপণ্যের দাম বৃদ্ধি এবং লকডাউন এর জেরে গত কয়েক মাস বসে থাকা বেসরকারি বাসের বড় অংশ সোমবার পর্যন্ত রাস্তায় নামেনি। ভাড়া বৃদ্ধি নিয়ে কিছু সিদ্ধান্ত হতে পারে এই আশায় বসে থাকলেও নবান্ন থেকে সে রকম কোনো মন্তব্য এখনো পর্যন্ত হয়নি।বাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, আমরা সরকারের কাছে দান-খয়রাতি চাইনা, পরিবহন ক্ষেত্রকে সচল রাখতে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করবে বলে আশাবাদী রাহুল বাবু। অন্যদিকে, সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে বেসরকারি মালিকদের কাছে বাস চালানোর আবেদন জানিয়েছেন পরিবহন মন্ত্রী। তিনি জানিয়েছেন আগে বাস চালানো হোক, ভাড়া বৃদ্ধির বিষয়টি পরে দেখা যাবে।
