ছবি ঃ সায়ন ঘোষ
অম্লিতা দাস, কলকাতা : গত বছর থেকেই কমেছে দুর্গাপুজোর উচ্ছাস। ভাইরাসের কবল পেরিয়ে এই বছরেও বাঙালির এই প্রানের পুজো কতটা জাকজমকপূর্ণ হবে তা নিয়েই বেশ চিন্তিত কুমোরটুলি পাড়া। তবে এরই মধ্যে বিদেশ যাত্রায় রওনা হচ্ছেন মা দুর্গা।
করোনার দাপট গৃহবন্দী করেছে মানুষদের। তবে কুমোরটুলীর শিল্পীদের কাজ চলছে দক্ষতার সাথেই। কুমোরটুলীর এক শিল্পী মিন্টু পালের থেকে জানা যায়, তাঁর হাতে তৈরি দুই মূর্তি যাচ্ছে বিদেশে। একটি জার্মানির বার্লিন ও অপরটি আমেরিকার নিউজার্সিতে। মিন্টু পাল জানান, প্রতি বছরই তাঁর হাতে গড়া মূর্তি পাড়ি দেয় বিদেশে। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। গত বছর পাঁচটি মূর্তি বিদেশ রওনা দেয়। এবছর দুটি ফাইবারের দুর্গামূর্তি। জানুয়ারি মাসেই এই দুর্গামূর্তি তৈরির কাজ পায় মিন্টু পাল।তারপরেই কাজ শুরু। অনুমান করে বলা যায় মূর্তির দাম দেড় লাখেরও বেশি। ভারত থেকে জাহাজে চেপে বিদেশ পাড়ি দেবেন মা। অনুমানিক দু মাসের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাবেন।
কুমোরটুলীর শিল্পীদের মতে বিদেশে পাড়ি দিলেও শহরে পুজোর উল্লাস এখনও বেশ ফ্যাকাসে। বেশ কিছু মায়ের মূর্তি তৈরি হয়েছে কুমোরটুলীতে। অপেক্ষা পুজোর শুভক্ষনের। কিছু মাস পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা করছেন বহু মানুষ।
