সিআইডি অফিসার পরিচয় দিয়ে বেকারদের চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা আত্মসাৎ মহিলার


সমীর দাস, কৃষ্ণনগর : নিজেকে ভবানী ভবনের সিআইডি দপ্তরের ডিএসপি পদে চাকুরিরতা বলে পরিচয় দিয়ে ১৫ জনের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল কৃষ্ণনগরের কাঁঠালপোতা এলাকার রাধারানী বিশ্বাস নামে এক মহিলার বিরুদ্ধে।

জানা গিয়েছে, বিগত লকডাউনের শুরু থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতে থাকে ওই মহিলা! সেই সুবাদে কৃষ্ণনগর এবং আশেপাশের করিমপুর বগুলা অঞ্চল থেকে স্বাস্থ্য দপ্তর, শিক্ষকপদসহ নানান সরকারি বিভাগে বিভিন্ন চাকরির জন্য যোগাযোগ করেন বেকার ছেলে মেয়েরা।

ওই এলাকার প্রাক্তন কাউন্সিলরের স্বামী বিশ্বজিৎ চক্রবর্তী জানান, গত কয়েকদিন আগে কোটি টাকা প্রতারিত হচ্ছে এমন খবর আমার কাছে আসে। অনেকে প্রকাশ্যে এসে বলতে না পারলেও দুজন লিখিত অভিযোগ জমা দিয়েছে কোতোয়ালি থানায়। সেই মোতাবেক পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে।

ওই এলাকারই গৌরব চ্যাটার্জী নামে এক ব্যক্তি জানান, ‘এত বড় মাপের একজন পাড়ায় বাস করেন, স্বভাবতই নিজের বেকার জীবনের দুরাবস্থার কথা জানাতেই উনি বলেন ৮ লাখ টাকা লাগবে। যার মধ্যে মেইল আসার আগে ৫ লক্ষ এবং ওয়েবসাইটে নাম প্রকাশিত হওয়ার আগে তিন লক্ষ। আমি পাঁচ লক্ষ টাকা দেওয়ার পর, একটা মেইল এসেছিলো বগুলা হাসপাতাল মেডিকেলের জন্য। সেখানে মেডিকেল করানোর পর বাকি তিন লক্ষ টাকা উনার হাতেই ক্যাশ দিই। বিশ্ববাংলা লোগো দেওয়া একটি ওয়েবসাইটে আমার নাম প্রকাশিত হয়, কিন্তু সবকিছুতেই একটা সন্দেহ ছিল আমার, তাই দুই একজন অভিজ্ঞ কে বিষয়টি জানালে তারা সার্চ করে দেখে সেটা সম্পূর্ণ ভূয়ো, এরপর থেকে আমাকে এড়িয়ে চলতেন উনি, তাই বাধ্য হয়ে থানায় এফআইআর করেছি।

কিছুদিন আগে কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের ST CELL ও কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদ উদ্যোগে একটি অনুষ্ঠানে রাধারানী বিশ্বাস কে দেখা যায়। বিশেষ সূত্র মারফত জানা যায়, অনুষ্ঠানের সম্পূর্ণ অর্থ রাধারানী বিশ্বাস বহন করেন। অন্যদিকে, এই বিষয় নিয়ে বিরোধীরা বলেন রাধারানী বিশ্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন এর নেতৃত্বে সঙ্গে গোপন আঁতাত আছে বলে জানান।

Post a Comment

Previous Post Next Post