অম্লিতা দাস : ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে লেকটাউনের জয়া সিনেমাহল। শুক্রবার রাত ১০টা নাগাদ হঠাৎই বিল্ডিংয়ে আগুন লাগে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন।
পুড়ে ছাই মিনি জয়া সিনেমাহল। আগুন লাগার কারণ এখনো অজানা। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় এখনও অনড় দমকলবাহিনী। উদ্ধার করা হয়েছে আহত দুই ব্যক্তিকে,তাঁর মধ্যে একজন গুরুতর ভাবে আহত। পুড়ে গেছে তাঁর দেহের অর্ধেক অংশ। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। দমকল মন্ত্রী দ্রুত আগুন নেভানোর আশ্বাস দিয়েছেন। তিনি অনুমান করছেন বাড়িতে রান্না করতে গিয়েই ঘটেছে এই অগ্নিকান্ড। আতঙ্কে এলাকাবাসী,অঞ্চল ঘনবসতিপূর্ণ তাই আগুন ছড়িয়ে পড়ার ভয়ে আছেন অনেকেই। জানা যাচ্ছে,আগুনের সূত্রপাত বিল্ডিংয়ের চার তলায়। সেখানেই স্ত্রীর সাথে থাকতেন এক নিরাপত্তা কর্মী। তিনি ও তার স্ত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন।
শুক্রবার আগুনের আভাস পান বিল্ডিংয়ের নীচে থাকা এক কর্মী। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। আর তারপর থেকেই শুরু হয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। এর সাথে সাথেই অঞ্চলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ক্রমাগত ভিড় বেড়েছে ঘটনাস্থলে পুলিশরা ব্যারিকেডের ব্যবহারে ভিড় এড়ানোর চেষ্টা করছেন। ভিআইপি থেকে যশোর রোড যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

