সায়ন ঘোষ, কলকাতা ঃ দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর অবশেষে পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। বৃহস্পতিবার কলকাতার ব্রিগেড ময়দানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট অতিথিরা।
এদিনের ব্রিগেড ময়দান চত্বরে সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “পশ্চিমবঙ্গের উন্নয়ন ও সুশাসনের নতুন অধ্যায় শুরু হল।”
এদিন মোট ৫ জন বিধায়ক শপথ গ্রহণ করেন। তার মধ্যে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া। তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
নতুন সরকারের অগ্রাধিকার হিসেবে কর্মসংস্থান, শিল্প উন্নয়ন, আইন-শৃঙ্খলা এবং সীমান্তবর্তী এলাকার পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে বলে সূত্রের খবর। বিজেপি নেতৃত্বের দাবি, “পরিবর্তনের জন্য মানুষ রায় দিয়েছে, এবার উন্নয়নের সরকার চলবে বাংলায়।”
শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে বলেও মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির এই ঐতিহাসিক জয়কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ দেখা যায়।

