![]() |
শ্রমণ দে : সুকুমার রায়ের “আবোল তাবোল” কাব্যগ্রন্থের শেষ কবিতাটির শেষ দু'লাইন আজ আবার ফিরে এলো– “ঘনিয়ে এল ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর”। হৃদরোগে আক্রান্ত ছিলেন বেশ কিছুদিন ধরেই। আজ সকালেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ১৯৮৩ সালে ভারতের “প্রুডেনশিয়াল কাপ” অথবা ওয়ার্ল্ড কাপ উইনিং দলের অন্যতম সদস্য যশপাল শর্মার।
ভারতের হয়ে মোট ৩৭ টি টেস্টে ৩৩ গড়ে ১৬০৬ রান সংগ্রহ করেছিলেন যশপাল, তার মধ্যে দুটি শতরান এবং নটি অর্ধশতরানও রয়েছে। ১৯৭৮ সালের পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে প্রথম অভিষেক হয় এই মিডিল অর্ডার ব্যাটসম্যানের। মোট ৪২টি একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৮৮৩ রান। গড় ২৮.৪৮।
যশপাল শর্মা শুধু যে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম প্রতিনিধি ছিলেন তাই নয়, কপিল দেবের (Kapil Dev) পর তিনি ছিলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। এই টুর্ণামেন্টে ৩৪.২৮ গড়ে মোট ২৪০ রান সংগ্রহ করেছিলেন তিনি।
১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে কপিল দেবের সেই ক্যাচ, ভিভ রিচার্ডসের কান্না, মহিন্দর অমরনাথের হালকা পেসের আগুনে ধাক্কা হয়তো সকলেরই মনে থাকবে। কিন্তু টুর্নামেন্টের শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত যে স্বপ্নের বাস্তবায়ন শুরু করেছিল তার অন্যতম কারিগর ছিলেন যশপাল শর্মা। তাঁর ১২০ বলে ৮৯ রানের ইনিংস ভারতকে দিয়েছিল ২৬২ রানের বড়ো স্কোর। আজ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়ামহল।
