অম্লিতা দাস : এবার প্রতারণার জালে জড়িয়ে পড়লেন এক স্কুল শিক্ষক। রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যাবে, তাই ১০ টাকার রিচার্জ থেকে প্রতারকরা লুট করল ৩ লক্ষ টাকা।
স্কুল শিক্ষকের নাম শুভময় চৌধুরী। ইংরেজি বিষয় শিক্ষকতা করেন মালদহ টাউন স্কুলে। তিনি জানান, সোমবার রাতে তার কাছে টেলিকম সহকারীর পরিচয় একটি ফোন আসে, যাতে তাঁকে বলা হয় তার ফোনের সিম শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে, পরিষেবা চালু রাখতে রিচার্জ করতে হবে তাকে। ১০ টাকার রিচার্জ করার জন্য তারা শুভময় বাবুকে একটি লিংক পাঠান। কথামত লিংকে গিয়ে ১০ টাকা রিচার্জও করেন তিনি।
তবে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন গুগল পে থেকে কেটে নেওয়া হয়েছে ২৫ হাজার টাকা। টাকা কেটে নেওয়ায় আবার সেই টেলিকম সহকারীর সাথে যোগাযোগ করেন। ভুয়ো টেলিকম সহকারী তাঁকে বলে, টাকা ফেরত পেতে খেলতে হবে একটি গেম।
শুভময়বাবু টাকা ফেরত পাওয়ার জন্য গেম ও খেলেন আর তারপরেই তার ব্যাংক থেকে কেটে নেওয়া হয় ৩ লক্ষ টাকা।
মঙ্গলবার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন সেই শিক্ষক। সাইবার ক্রাইম বিবাহে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। মালদহ পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগ তারা পেয়েছেন, শীঘ্রই শুরু করা হবে তদন্ত।
